ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ফিলিস্তিনি শিশুদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং বিশ্বনেতাদের নীরবতার জন্য তীব্র সমালোচনা করেছেন। গত বৃহস্পতিবার বার্সেলোনায় একটি দাতব্য কনসার্টে উপস্থিত ছিলেন গার্দিওলা, যেখানে তিনি ফিলিস্তিনের শিশুদের দুর্দশা নিয়ে আবেগঘন বক্তব্য দেন।
একটি ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়াহ পরিহিত গার্দিওলা বলেন, “গত দুই বছরে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে যে শিশুদের আর্তনাদ দেখেছি, তারা বারবার বলছে, ‘আমার মা কোথায়?’ কিন্তু তারা এখনও জানে না কী ঘটেছে।” কোচের কথায়, “আমি সবসময় ভাবি, এই শিশুরা কী ভাবছে। আমাদের উচিত তাদের একা ফেলে না রাখা, তাদের পাশে দাঁড়ানো।”
তিনি আন্তর্জাতিক ক্ষমতাধরদের উদ্দেশে বলেন, “আমরা এখনও প্রয়োজনীয় পদক্ষেপ নেই। যারা ক্ষমতায় আছেন, তারা মূলত নিষ্পাপ শিশুদের বিপদে পাঠাচ্ছে, এবং এই নীরবতা তাদের কাপুরুষত্বের পরিচায়ক।” গার্দিওলা ফিলিস্তিনি শিশুদের জন্য ‘সাহসী পদক্ষেপ’ নেওয়ার আহ্বানও জানান।
এদিকে, অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, পরবর্তী কয়েক মাসে ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক সূত্রে জানা গেছে, গাজার সাম্প্রতিক সংঘাতে মোট প্রায় ৭০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
গার্দিওলার বক্তব্যটি শুধু খেলাধুলার সীমার বাইরে গিয়ে মানবিক দায়বোধের প্রতিফলন ঘটিয়েছে। তার চোখে, শিশুদের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নেওয়া আবশ্যক।