দীর্ঘ টানাপোড়েন ও নানা বিতর্কের পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শুরু থেকেই এই ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। একপর্যায়ে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অটল থাকলেও শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে আসে। মাঠের বাইরের সেই নাটকীয়তার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে কথার লড়াই ও মানসিক যুদ্ধ। সেই তালিকায় এবার নাম লেখালেন পাকিস্তানের তারকা ওপেনার সাহিবজাদা ফারহান।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে হুঙ্কার দিলেন এই ডানহাতি ব্যাটার। সোমবার রাতে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত জয় পায় পাকিস্তান। ১৯০ রানের বড় লক্ষ্য দাঁড় করাতে ৪১ বলে ঝকঝকে ৭৩ রানের ইনিংস খেলেন ফারহান। পরে পাকিস্তানের স্পিন আক্রমণের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩২ রানে হার মানে যুক্তরাষ্ট্র।

ম্যাচসেরার পুরস্কার গ্রহণের সময়ই ভারত ম্যাচ প্রসঙ্গে কথা বলেন ফারহান। তিনি স্মরণ করেন সাম্প্রতিক এশিয়া কাপের কথা, যেখানে ফাইনালসহ তিনবার মুখোমুখি হয়ে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। যদিও ওই ফাইনালে তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল দলটি এবং সেই ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেছিলেন ফারহান নিজেই।

ভারতের বিপক্ষে সেই অভিজ্ঞতাকেই এবার শক্তিতে রূপ দিতে চান তিনি। ফারহানের ভাষায়, “আমরা আগের ম্যাচগুলোর মতোই ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামব। ভয় বা চাপ নয়, আক্রমণাত্মক ক্রিকেট খেলেই জয়ের চেষ্টা করব।”

এশিয়া কাপে তিন ম্যাচের মধ্যে দুটিতে হাফ-সেঞ্চুরি করা ফারহান অবশ্য বিতর্কেও জড়িয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে ফিফটি করার পর তার ‘স্টেনগান’ উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়। বিশেষ করে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সম্পর্ক যখন চরম উত্তেজনায়, তখন এমন উদযাপন অনেকের চোখে উসকানিমূলক বলেই ধরা পড়ে।

সব বিতর্ক পেছনে ফেলে এখন ফারহানের লক্ষ্য একটাই—বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে ব্যাট হাতে পারফরম্যান্স দিয়ে কথা বলা। মাঠের উত্তাপ যে ম্যাচের আগেই বেড়ে গেছে, তা তার বক্তব্যেই স্পষ্ট।