নারীদের মর্যাদা ও নিরাপত্তাকে রাষ্ট্রীয় অগ্রাধিকারে পরিণত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নারীরা আমাদের মা ও বোন—তাদের সম্মান মাথার ওপর তুলে রাখাই আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। প্রয়োজন হলে নিজের জীবন উৎসর্গ করেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিভিন্ন আসনের প্রার্থী, দলীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কর্মজীবী নারীরা আজ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। পথে-ঘাটে, কর্মস্থলে ও সমাজের নানা স্তরে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে একজন নারী ভয় নয়—নিরাপত্তা নিয়ে ঘর থেকে বের হবেন,” বলেন তিনি। তার মতে, নারীকে কেবল স্লোগানে নয়, বাস্তব নীতিমালা ও কার্যকর রাষ্ট্রব্যবস্থার মাধ্যমে সুরক্ষা দিতে হবে।

বক্তব্যে তিনি সাম্প্রতিক সময়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাকের প্রসঙ্গও তুলে ধরেন। জামায়াত আমির দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার অ্যাকাউন্ট হ্যাক করে অশালীন ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হয়েছে। তিনি বলেন, “কারা এসব করছে, জনগণ তা বুঝে গেছে। এর পেছনে যারা রয়েছে, তাদের পরিচয় উদ্ঘাটন করা হবে।” তিনি এ ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, রাজনীতি মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার মাধ্যম হওয়া উচিত, বিভ্রান্তি ও অপপ্রচারের হাতিয়ার নয়। তিনি নেতাকর্মীদের শান্ত ও দায়িত্বশীল আচরণের নির্দেশ দেন এবং জনগণের সঙ্গে সত্য ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমে যুক্ত থাকার আহ্বান জানান।

জনসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী একেএম ফজলুল হক, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী এবং চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলমসহ জামায়াত ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা নারীর মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।