চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমানের দৃশ্যমান পরিবর্তনে ২৬ দফা বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। সুশাসন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে প্রণীত এই ইশতেহারকে তিনি জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন অধ্যক্ষ হেলালী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ঘোষিত ইশতেহারে সাধারণ মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি টেকসই উন্নয়নের একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। তার মতে, অধ্যক্ষ হেলালী একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রতিচ্ছবি, যিনি এলাকার মানুষের আস্থা অর্জনে সক্ষম।

প্রধান অতিথির বক্তব্যে আরও বলা হয়, সাবেক কাউন্সিলর হিসেবে অধ্যক্ষ হেলালী অতীতে জনগণের পাশে ছিলেন এবং জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে চট্টগ্রাম-১০ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এজন্য ইশতেহার বাস্তবায়নে এলাকাবাসীর সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।

ইশতেহার পাঠকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, নির্বাচনে বিজয়ী হলে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন ও সুশাসন নিশ্চিত করা হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের অধিকার সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী ও যুব সমাজের ক্ষমতায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং আধুনিক ও টেকসই অবকাঠামো উন্নয়নসহ ২৬টি পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম-১০ আসনকে একটি বাসযোগ্য, মানবিক ও উন্নত জনপদে রূপান্তর করা সম্ভব। এ লক্ষ্যে তিনি এলাকাবাসীর দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।