বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি এমন রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাস করে, যেখানে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে—সে বক্তব্যই তুলে ধরেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শ্রমের মর্যাদা, মেধার ন্যায্য মূল্যায়ন এবং সুবিচারের ভিত্তিতে একটি মানবিক রাষ্ট্র গড়াই বিএনপির রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির পেশাজীবী বিভাগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন পেশাজীবী শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, পরিকল্পনার রাজনীতিতে বিশ্বাস করে। দলের লক্ষ্য এমন একটি সমাজ বিনির্মাণ, যেখানে বৈষম্য নয়—সমতা হবে মূল চালিকাশক্তি। মেধাভিত্তিক চাকরি ব্যবস্থা নিশ্চিত করে শোষণের আগেই সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই বিএনপি এগোতে চায়। তিনি বলেন, “আমাদের রাজনীতির মূল দর্শন—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা।”

তিনি আরও বলেন, একটি রাষ্ট্র তখনই মানবিক হয়ে ওঠে, যখন সেখানে জনগণের প্রয়োজন ও অধিকারই হয় অগ্রাধিকার। বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায়, যেখানে নেতা নয়—জনগণ থাকবে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে।

সমাজ ও ব্যক্তিজীবনের সংকট প্রসঙ্গে ডা. জুবাইদা রহমান বলেন, প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। তবে সেগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বাস্তবভিত্তিক পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই সংকট মোকাবিলা সম্ভব।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, উপস্থিত পেশাজীবীরা সাহসের সঙ্গে নিজেদের সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেছেন, যা ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপি এসব মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও আশ্বাস দেন তিনি।

শেষে ডা. জুবাইদা রহমান বলেন, সমতা, জ্ঞান ও শ্রমের মর্যাদার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। “সবার আগে বাংলাদেশ”—এই আদর্শকে ধারণ করেই আগামীর পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।