সিলেট সফরের পর এবার চট্টগ্রামকে কেন্দ্র করে দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি। এ লক্ষ্যেই দলের চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে বন্দরনগরী থেকে বিএনপির নির্বাচনী বার্তা আরও জোরালোভাবে তুলে ধরবেন তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চট্টগ্রামে একাধিক রাজনৈতিক ও মতবিনিময় সভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।
এর আগে শনিবার সকালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন জানান, রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত ‘ইউথ পলিসি টক’-এ অংশ নেবেন তারেক রহমান। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীর সঙ্গে তিনি সরাসরি মতবিনিময় করবেন।
এই পলিসি টকে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন ও পরিবেশসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে বিএনপির ভবিষ্যৎ নীতিকৌশল তুলে ধরা হবে। পাশাপাশি তরুণদের ভাবনা ও প্রত্যাশা শুনে সেগুলো দলীয় নীতিতে অন্তর্ভুক্ত করার কথাও জানান নেতারা। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরিই এই আয়োজনের মূল লক্ষ্য।
ইউথ পলিসি টক শেষে চট্টগ্রামের ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। সেখান থেকে তিনি পর্যায়ক্রমে ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে সমাবেশে অংশ নেবেন।
দলীয় সূত্র জানায়, সিলেট সফরের মতো চট্টগ্রাম সফরেও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও মাঠপর্যায়ের নেতারা তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন। এর আগে ২২ জানুয়ারি সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি, যা বিভিন্ন জেলায় ব্যাপক সাড়া ফেলে।