আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ব্যর্থ হলে ৫ আগস্টের অর্জনও প্রশ্নের মুখে পড়বে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, “৫ আগস্ট যেভাবে আমরা সফল করেছি, ঠিক সেভাবেই ১২ ফেব্রুয়ারিকেও সফল করব। এই নির্বাচন আমাদের জন্য শুধু ভোট নয়, এটি একটি ঐতিহাসিক দায়িত্ব।”
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় আয়োজিত এনসিপির নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জনসভায় উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১ আসন দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। এই এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, সরকারি স্কুল কিংবা সরকারি হাসপাতাল নেই বললেই চলে। শিক্ষা ও স্বাস্থ্যখাত প্রায় পুরোপুরি বেসরকারি ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করছে।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুম এলেই ঢাকা-১১ আসনের প্রায় ৬০ শতাংশ এলাকা জলাবদ্ধতায় ডুবে যায়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ভরাট হয়ে যাওয়া খাল ও দখলদারিত্বের কারণে সামান্য বৃষ্টিতেই মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। রামপুরা ও শাহজাদপুর খালের মতো গুরুত্বপূর্ণ জলাধার দখল ও ভরাটের ফলে এলাকার প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।
এই অবস্থার জন্য তিনি রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা ভূমিদস্যু চক্রকে দায়ী করেন। নাহিদ ইসলাম বলেন, “এই এলাকায় শত শত পরিবার ভূমি হারিয়ে নিঃস্ব হয়েছে। সরকারি খাস জমি ও জলাশয় দখল করে একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করা হয়েছে। আমরা ক্ষমতায় গেলে এই ভূমিদস্যুতা বন্ধ করব এবং যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেব।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শুধু ঢাকা-১১ নয়, সারা দেশেই ১১ দলীয় ঐক্যজোট বিজয়ী হবে। আগামী নির্বাচনে দখলদারত্ব, আধিপত্যবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, “১২ ফেব্রুয়ারি সফল হলেই ৫ আগস্টের স্বপ্ন পূর্ণতা পাবে।”