দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ ও দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সমাজ পরিবর্তনের মূল ভিত্তি হিসেবে মূল্যবোধভিত্তিক শিক্ষা ও দক্ষ প্রাথমিক শিক্ষকের গুরুত্ব তুলে ধরে তিনি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত ‘আমরা ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে এক উন্মুক্ত আলাপচারিতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

আলোচনার শুরুতেই তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার প্রথম শর্ত হলো নাগরিক নিরাপত্তা। মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেই পরিবেশ তৈরি করা জরুরি। পাশাপাশি দুর্নীতিকে যেকোনো মূল্যে প্রতিরোধ করতে পারলে দেশের অনেক জটিল সমস্যার সমাধান আপনা-আপনিই সহজ হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে অসংখ্য বিচ্ছিন্ন প্রকল্প থাকায় অপচয় ও অনিয়ম বাড়ছে। বিএনপি ক্ষমতায় এলে পরিবারভিত্তিক সর্বজনীন ‘ফ্যামিলি কার্ড’ চালুর চিন্তা রয়েছে, যার মাধ্যমে কৃষক, শ্রমজীবী ও চাকরিজীবী পরিবারের নারীরা সরাসরি সুবিধা পাবেন। এতে দুর্নীতির ঝুঁকি কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষা প্রসঙ্গে তারেক রহমান বলেন, কেবল অবকাঠামো নির্মাণ নয়—প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা ও নৈতিক মানোন্নয়নই সমাজ বদলের আসল চাবিকাঠি। পাঠ্যক্রমে একাডেমিক জ্ঞানের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি। ছোটবেলা থেকেই ন্যায়-অন্যায়ের পার্থক্য শেখানো গেলে ভবিষ্যৎ প্রজন্ম দুর্নীতি ও সাইবার অপরাধ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখবে বলে মত দেন তিনি।

অনলাইনে হয়রানি রোধে ব্যারিস্টার জাইমা রহমান ডিজিটাল শিক্ষা, কার্যকর রিপোর্টিং ব্যবস্থা ও কমিউনিটি পর্যায়ের উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় তারেক রহমান শিশুদের মধ্যে মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাণী পালনের মতো সৃজনশীল উদ্যোগের কথাও জানান।

ঢাকার যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজধানীর চাপ কমাতে আশপাশের জেলাগুলোতে স্যাটেলাইট টাউন গড়ে উন্নত রেল যোগাযোগ নিশ্চিত করা হবে। পাশাপাশি তরুণদের ইন্টারনেট আসক্তি কমাতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানের শেষে জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ী তরুণদের সঙ্গে ছবি তুলে তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন বিএনপি চেয়ারম্যান।