বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাকের সময় ওই অ্যাকাউন্ট ব্যবহার করে একটি আপত্তিকর ও অনভিপ্রেত পোস্ট দেওয়া হয়, যা পরে সরিয়ে ফেলা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম হাতিরঝিল থানায় উপস্থিত হয়ে জিডিটি করেন। বিষয়টি রোববার নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

ওসি গোলাম মর্তুজা জানান, “এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।”

দলীয় সূত্রের দাবি, শনিবার বিকেল ৪টার কিছু সময় পর ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টটি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর কিছুক্ষণের মধ্যেই সাড়ে ৪টার দিকে ওই হ্যাকড অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত ও বিতর্কিত পোস্ট প্রকাশ করা হয়। বিষয়টি দ্রুত নজরে আসার পর জামায়াতে ইসলামীর নিজস্ব সাইবার টিম অ্যাকাউন্টটি উদ্ধারের কাজে নামে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার পর অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয় এবং বিতর্কিত পোস্টটি সঙ্গে সঙ্গে মুছে ফেলা হয় বলে জানানো হয়।

জামায়াতের অভিযোগ, স্বল্প সময়ের জন্য অ্যাকাউন্টটি হ্যাক থাকলেও ওই পোস্টের স্ক্রিনশট সংগ্রহ করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এতে বিভ্রান্তি ছড়ানো ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি দলটির।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং ভবিষ্যতে এমন অপপ্রচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামি।