জনগণের সম্পদে হাত না দেওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দুর্নীতি জামায়াতের আদর্শ ও রাজনৈতিক চরিত্রের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বরং অতীতে জনগণের যে আমানত লুটপাট হয়েছে, তা আইনি ও নৈতিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই তাদের রাজনৈতিক দায়বদ্ধতা।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাফরুল থানার উত্তর কাফরুল ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাইশটেকি কবরস্থান মসজিদের সামনে ঢাকা-১৫ সংসদীয় আসনে আয়োজিত গণসংযোগ ও মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “রাজনীতি যদি মানুষের সম্পদ লুণ্ঠনের হাতিয়ার হয়, তাহলে সেই রাজনীতি আল্লাহও কবুল করেন না, জনগণও মেনে নেয় না। আমরা এমন রাজনীতি করতে চাই না। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, বরং মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা।” তিনি আরও বলেন, জনগণের ট্যাক্সের টাকা কিংবা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে জামায়াত সবসময় আপসহীন থাকবে।
নিজেদের বক্তব্য ও আচরণ নিয়ে আত্মসমালোচনার সুরে জামায়াত আমির বলেন, “আমাদের কোনো কথায় বা কাজে যদি কোনো মা-বোন বা সাধারণ মানুষ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহর ওয়াস্তে আমাদের ক্ষমা করবেন। আমরা চাই নিষ্ঠা ও সততার সঙ্গে মানুষের জন্য কাজ করতে।” তিনি জোর দিয়ে বলেন, জামায়াতে ইসলামী কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে রাজনীতি করে না; তাদের রাজনীতি জনগণের কল্যাণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে পরিচালিত।
গণসংযোগ ও মিছিলে অংশ নেন জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য মোবারক হোসেন। এ ছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কাফরুল দক্ষিণ থানা জামায়াতের আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মো. আবু নাহিদসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে মিছিলটি কাফরুল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।