জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরবস্থা ও নৈতিক অবক্ষয়ের এক সংকটময় সময় অতিক্রম করছে। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ, ব্যাপক দুর্নীতি, দুঃশাসন ও বিচারহীনতার কারণে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ইসলাম ও দেশপ্রেমিক শক্তির নেতৃত্বে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই।
শনিবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ২ ফেব্রুয়ারি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে বৈষম্য থাকবে না এবং প্রতিটি নাগরিক ন্যায়বিচার পাবে।”
তিনি আরও বলেন, আগামী ২ ফেব্রুয়ারির জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই জনসভা গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের পক্ষে শক্তিশালী গণজাগরণ সৃষ্টি করবে। এ উপলক্ষে তিনি দল-মত নির্বিশেষে চট্টগ্রামবাসীসহ দেশবাসীর প্রতি জনসভায় অংশগ্রহণ ও সমর্থন জানানোর আহ্বান জানান।
তরুণ সমাজের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশ গঠনের দায়িত্ব এখন তরুণদের কাঁধে। নৈতিকতা, সততা ও দেশপ্রেমের ভিত্তিতে নতুন নেতৃত্ব গড়ে তুলতেই জামায়াত কাজ করছে। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ইনশাআল্লাহ একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার সফরকালে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মোট পাঁচটি জনসভায় বক্তব্য দেবেন। এতে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার জামায়াত নেতৃবৃন্দসহ বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।