পরিবর্তন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ঢাকা–১৫ সংসদীয় আসনে নির্বাচনী গণসংযোগ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা মিরপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচিটি শেষ হয়।
গণসংযোগের সূচনা হয় মিরপুর ১৩ নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে। এরপর হারম্যান মেইনার স্কুল এলাকা, টিনশেড কলোনি, ঢাকা মডেল ডিগ্রি কলেজ ও ওপেক্স গার্মেন্টস ঘুরে সরকর বাড়ি মোড়ে গিয়ে মিছিলটি সমাপ্ত হয়। পুরো কর্মসূচিজুড়ে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মো. তসলিম, বিশিষ্ট নেতা শাহ আলম তুহিন, ঢাকা–১৫ আসনের সদস্য সচিবসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। সংশ্লিষ্ট থানার আমীর ও কর্মপরিষদ সদস্যরাও গণসংযোগে অংশ নেন।
গণসংযোগ চলাকালে নেতারা ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় তারা জনগণের অধিকার, সুশাসন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে পরিবর্তনের অপেক্ষায় আছে। একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, আগামীর বাংলাদেশ যেন হয় দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং মানুষের মর্যাদা রক্ষার বাংলাদেশ—এটাই তাদের প্রত্যাশা।
বক্তারা আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়। তাই আসন্ন নির্বাচনে দেশবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন তারা।