আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার ধারাবাহিক অংশ হিসেবে এই ভাষণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দলটি।

জামায়াত সূত্র জানায়, সোমবার রাত ৯টায় ডা. শফিকুর রহমানের ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে সম্প্রচার করা হবে। নির্বাচনের আগে জনগণের সামনে দলের অবস্থান, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতেই এই ভাষণের আয়োজন করা হয়েছে।

দলীয় বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দলটি মনে করে, সুষ্ঠু নির্বাচন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রশ্নে জনগণের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করা জরুরি।

জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ সম্প্রচারের জন্য গত ৩ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। নির্বাচন কমিশনের অনুমোদনের পরই ভাষণ সম্প্রচারের সময়সূচি চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে রাজনৈতিক দলগুলোর দলীয় বক্তব্য সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন। এরই অংশ হিসেবে ৮ ও ৯ ফেব্রুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রীয় সম্প্রচারে ভাষণ দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে এ ধরনের ভাষণ ভোটারদের ওপর প্রভাব ফেলতে পারে। ফলে আজকের ভাষণে জামায়াত আমির কী বার্তা দেন, সে দিকেই এখন দৃষ্টি রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের।