বিএনপির হামলায় নিহত রেজাউল করিমের স্ত্রী ও সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং কবর জিয়ারত করতে শেরপুর যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি শেরপুরের শ্রীবর্দী উপজেলায় নিহত রেজাউল করিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার কবর জিয়ারত করবেন।

শনিবার (৩১ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ডা. শফিকুর রহমান শেরপুর ও জামালপুরে দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে এবং দুপুর সাড়ে ১২টায় জামালপুরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।

এরপর ঢাকায় ফিরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমিরের।