প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনকে পুরোপুরি নিখুঁত ও গ্রহণযোগ্য করাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশজুড়ে যেভাবে উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম।

ড. ইউনূস বলেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব অত্যন্ত সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অশালীনতা, কটু বক্তব্য কিংবা সংঘাতের চিত্র দেখা যাচ্ছে না। রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যেও একটি সহনশীল পরিবেশ বজায় রয়েছে, যা অতীতের তুলনায় ভিন্ন ও আশাব্যঞ্জক। তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত প্রস্তুতিতে সন্তুষ্ট। এখন মূল লক্ষ্য হলো ভোটকে পারফেক্ট করা।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী এক সপ্তাহ নির্বাচন প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এবারের ভোট হবে উৎসবমুখর। নারীরা আনন্দের সঙ্গে ভোটকেন্দ্রে যাবেন, পরিবারসহ মানুষ ভোট উৎসবে অংশ নেবে। তার মতে, এই নির্বাচন ভবিষ্যতে একটি স্মরণীয় ও উদাহরণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হবে।

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বডি ওর্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০টির জন্য এই ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা র‍্যান্ডমভাবে পাঁচটি স্থানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে ক্যামেরা ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।

এছাড়া নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু হয়েছে বলে জানান প্রেস সচিব। এই অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্র বা আশপাশে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর কাছে বার্তা পৌঁছে যাবে। এর ফলে দ্রুত হস্তক্ষেপ ও পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হবে।

শফিকুল আলম বলেন, দুর্গাপূজার সময় এই ধরনের একটি অ্যাপ সফলভাবে ব্যবহার করা হয়েছিল, যা কার্যকর প্রমাণিত হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবারের নির্বাচনেও প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে।