ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একযোগে অনুষ্ঠিত গণভোটকে সামনে রেখে ঢাকা মহানগরীকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আগামীকাল ভোটের দিন রাজধানীর প্রতিটি ভোটকেন্দ্র ও আশেপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) মিন্টো রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীতে ২৬ হাজার ৫১৫ জন পুলিশ সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন থাকবেন। ভোটকেন্দ্রের ভেতরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম এবং রিজার্ভ ফোর্সও দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে বিশেষায়িত ইউনিট যেমন সোয়াট, কে-৯ কুকুর দল, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ক্রাইম সিন ভ্যান মাঠে রাখা হয়েছে। নির্বাচনের দিন ঢাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
ডিএমপি কর্মকর্তা ভোটারদের আশ্বস্ত করে বলেন, “আপনারা নিশ্চিন্তে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারবেন। পুলিশ আপনার পাশে থাকবে। এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট হুমকি বা ঝুঁকির খবর নেই, তবুও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”
তালেবুর রহমান আরও বলেন, “নির্বাচনের শান্তি ও নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার। পুলিশের সকল প্রস্তুতি সম্পূর্ণ এবং আমরা চাই, ভোটাররা ভোটের দিন নির্ভয়ে অংশগ্রহণ করুক।”
রাজধানীতে নেওয়া এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে যে, ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ভোটাররা তাদের মৌলিক অধিকার প্রয়োগে নিশ্চিন্ত হতে পারেন।