রাজধানীর পল্লবীতে ভোরের নীরবতা ভেঙে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এক মুদি দোকানদার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ৫ নম্বর রোড এলাকায় মুহাম্মদ হোসেন দীপু (৪৬) নামে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়ে মুখোশধারী দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ করে তার কাছ থেকে ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ভোরে দোকানসংক্রান্ত কাজে বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন দীপু। এ সময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে তিনজন মুখোশধারী যুবক সেখানে আসে। কোনো কথা না বলেই একজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার বাম পায়ের হাঁটুর ওপর অংশে লাগে। মুহূর্তের মধ্যেই দুর্বৃত্তরা তার পকেটে থাকা নগদ টাকা নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দীপুকে উদ্ধার করেন। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সকাল পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের স্ত্রী আফরোজা বলেন, “আমার স্বামী কোনো রাজনীতি বা ঝামেলার সঙ্গে জড়িত না। হঠাৎ করে এমন হামলায় আমরা আতঙ্কিত। কারা, কেন গুলি করল—কিছুই বুঝতে পারছি না।”
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়েই দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ টিম পাঠিয়েছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও ঘটনার তদন্ত চলছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত ছিনতাই হতে পারে। তবে পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।