বাংলাদেশে লায়ন্স ইন্টারন্যাশনালের সেবামূলক কার্যক্রমকে আন্তর্জাতিক মানের হিসেবে উল্লেখ করেছেন সংস্থার সেকেন্ড ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ড. মনোজ শাহ। তিনি বলেন, দেশের লায়ন্স সদস্যদের নিষ্ঠা, নেতৃত্ব এবং মানবিক উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতে বাংলাদেশে সংস্থার সহযোগিতা আরও জোরদার করা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চার দিনের সরকারি সফরে তিনি ২২ জানুয়ারি ঢাকায় আসেন এবং রোববার (২৫ জানুয়ারি) দেশে ফিরবেন। সফরের সঙ্গে তার সহধর্মিণী জাইনা শাহও রয়েছেন।
ড. মনোজ শাহ সংবাদ সম্মেলনে জানান, ঢাকাসহ চট্টগ্রামে বিভিন্ন স্থায়ী ও চলমান সেবামূলক প্রকল্প পরিদর্শন করেছেন। বিশেষভাবে শিশু ক্যান্সার প্রতিরোধ প্রকল্পটি তার হৃদয় ছুঁয়েছে। এছাড়া লায়ন্স ক্লাবগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও অসহায় মানুষের জন্য নিয়মিত খাবার বিতরণ এবং অন্যান্য মানবিক উদ্যোগের প্রশংসা করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের অধীনে প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসা ও অন্যান্য সেবা পাচ্ছেন। এই প্রকল্পগুলো আন্তর্জাতিক মানের এবং বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয়। তিনি জানান, লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম বৃহত্তম মানবসেবামূলক সংস্থা। চলতি বছরে তারা বিশ্বব্যাপী ১০০ বিলিয়ন ডলারের বেশি সহায়তা অনুমোদন করেছে এবং ১৬০টিরও বেশি মানবসেবামূলক প্রকল্প বাস্তবায়ন করছে।
সংবাদ সম্মেলনে লায়ন্স ইন্টারন্যাশনালের ডিরেক্টর নাজমুল হক বলেন, ড. মনোজ শাহের সফর বাংলাদেশের লায়ন্স আন্দোলনের জন্য মাইলফলক। এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কার্যক্রম আরও দৃশ্যমান ও শক্তিশালীভাবে উপস্থাপনের সুযোগ সৃষ্টি করবে।
মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন মো. আশরাফ হোসেন খান হীরা বলেন, এই উচ্চপর্যায়ের সফরের ফলে বাংলাদেশের লায়ন্স কার্যক্রম নতুন গতি পাবে। ভবিষ্যতে মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।