ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর তারেক রহমান কে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
প্রফেসর ইউনূস বার্তায় বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি উল্লেখ করেছেন, জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী নেতৃত্বে দেশ একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে যাবে। তিনি স্মরণ করান তার বাবা জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়া–এর আদর্শ ও নেতৃত্বের কথা।
উল্লেখ্য, প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে রয়েছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে তিনি তারেক রহমানকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য তার সকল উদ্যোগের সফলতা কামনা করেন।