আসন্ন জাতীয় নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনার রূপরেখা দেশবাসীর সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সময় ধরে গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে এই পরিকল্পনা প্রণয়ন করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভার মূল উদ্দেশ্য ছিল ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নে করণীয় নির্ধারণ এবং জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা।

রাকিব বলেন, “তারেক রহমান একশর বেশি সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক কর্মসূচিকে একটি কাঠামোর আওতায় আনতে চান, যেটিকে বলা হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’। সমালোচকরা বলেন, এসব পরিকল্পনা বাজেটের সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু তারা জানেন না, বাংলাদেশে বর্তমানে ১৩০টিরও বেশি সামাজিক কর্মসূচি চালু আছে। সেগুলো সমন্বয় করেই এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।” তিনি দাবি করেন, গত এক বছর ধরে এসব বিষয় গভীরভাবে পর্যালোচনা করে বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাজানো হয়েছে।

সভায় তিনি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিরও সমালোচনা করেন। রাকিবের ভাষায়, “একটি দল গ্রাম পর্যায়ে ধর্মকে এমনভাবে ব্যবহার করছে, যেন এতদিনের ইসলাম ভুল ছিল। তারা নতুনভাবে ইসলামী গণতন্ত্র কায়েমের কথা বলছে এবং বিদেশি সমর্থনের কথাও প্রচার করছে।” তিনি ছাত্রশিবিরের সাংগঠনিক কাঠামো নিয়েও প্রশ্ন তুলে বলেন, নেতৃত্ব নির্বাচনে তাদের ভেতরে প্রকৃত গণতান্ত্রিক চর্চার ঘাটতি রয়েছে।

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষের প্রসঙ্গে ছাত্রদল সভাপতি বলেন, নিহত জামায়াত নেতার প্রতি তারা সমবেদনা জানালেও এটি ছিল দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। তার দাবি, পরিস্থিতি শান্ত করার চেষ্টা সত্ত্বেও ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ভয়াবহ রূপ নেয়।

সভায় সভাপতিত্ব করেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. শফিকুল ইসলাম। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।