মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সাবেক সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আসামিদের কোন জেলে বা সাব জেলে রাখা হবে, সেই সিদ্ধান্ত নেবে কারা কর্তৃপক্ষ বা সরকার—বুধবার (২২ অক্টোবর) সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, “আদালত তাদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এর মানে হচ্ছে, তারা এখন কারা কর্তৃপক্ষের অধীনে চলে গেছেন। তাদের কোথায় রাখা হবে—ঢাকায়, চট্টগ্রামে, অন্য কোনো জেলায়, মূল জেলে না সাব জেলে—এসব বিষয় সিদ্ধান্ত নেবে সরকার তথা সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ।”
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও বলেন, “আদালতের কাজ হচ্ছে আসামিদের কাস্টডিতে পাঠানো। কাস্টডির বিষয়টি মেইনটেইন করে রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা অধিদপ্তর। তাই কোন জেলে রাখা হবে, সেটি নির্ধারণ করার এখতিয়ার একমাত্র কারা কর্তৃপক্ষের।”
তিনি এ-ও বলেন, “আসামিদের আদালতে হাজির করার পদ্ধতি নিয়েও কোনো সিদ্ধান্ত ট্রাইব্যুনালের নয়। এটি সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষের বিষয়। তারা যেভাবে উপযুক্ত মনে করবেন, সেভাবেই আদালতে উপস্থাপন করবেন।”
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলো নিয়ে সম্প্রতি নানা বিতর্ক ও জনমনে প্রশ্ন দেখা দেয়। এর প্রেক্ষিতেই আজ চিফ প্রসিকিউটরের এই বক্তব্য এলো।