চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অচলাবস্থার বিষয়ে জরুরি বৈঠক করতে আসা নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উপদেষ্টার গাড়ি বন্দর ভবনের কাছে পৌঁছালে শতাধিক আন্দোলনরত শ্রমিক-কর্মচারী স্লোগান দিয়ে গাড়িবহর আটকে দেন। তারা ‘ডিপি ওয়ার্ল্ডের দালাল’, ‘গো ব্যাক অ্যাডভাইজার’ সহ নানা নিন্দাজনক স্লোগান দিতে থাকেন। প্রায় ১৫ মিনিট আটকে থাকার পর পুলিশ চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে গাড়ি বন্দর ভবনের ভেতরে প্রবেশ করায়।
উপদেষ্টা বন্দর ভবনের নিচে নেমে নিরাপত্তারক্ষীদের পাহারায় লিফটে উঠেন, শ্রমিকরা তখনও স্লোগান দিতে থাকেন। তিনি সেখানে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বন্দরের অচলাবস্থা নিয়ে বৈঠক করেন।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা কর্মবিরতি আজও অব্যাহত রয়েছে। বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকায় জাহাজ চলাচল ও পণ্য খালাস কার্যক্রম স্থগিত রয়েছে। আন্দোলনের মূল দাবি হলো নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা প্রক্রিয়া বন্ধ করা, শ্রমিকদের হয়রানি ও দমন-পীড়ন বন্ধ করা।