দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কার্যকর ও গতিশীল করতে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও নেপাল। বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, আঞ্চলিক সংযোগ (কানেক্টিভিটি) এবং পর্যটন খাতে বিদ্যমান সম্ভাবনাগুলো বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে দুই দেশ সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা-তে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং নবনির্বাচিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নেতৃত্ব দেন। আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়।
ঢাকাস্থ নেপাল দূতাবাস সূত্র জানায়, বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার সম্ভাব্য পথ ও কৌশল নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে আঞ্চলিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে দক্ষিণ এশিয়ার সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতায় ভূমিকা রাখার বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়। জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক লাভ নিশ্চিত করাই এই সহযোগিতার মূল লক্ষ্য বলে উল্লেখ করা হয়।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের বিষয়গুলোও আলোচনায় আসে। বিশেষ করে স্থলবেষ্টিত নেপালের জন্য বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার, জ্বালানি আমদানি-রপ্তানির সুযোগ এবং ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়। পাশাপাশি পর্যটন খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করলে উভয় দেশই উল্লেখযোগ্যভাবে লাভবান হতে পারে বলে মত দেওয়া হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। আলোচনার সার্বিক দিক বিবেচনায় নিয়ে ভবিষ্যতে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন উভয় পক্ষ।