ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও প্রধান সংগঠক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে রাজধানীর কেন্দ্রবিন্দুতে আবারও জোরালো আওয়াজ উঠেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও বিচারিক প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন আন্দোলনকারীরা।

এই অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে যমুনার সামনে উপস্থিত হন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দিন পাটওয়ারী। তিনি বলেন, শহিদ ওসমান হাদি হত্যার ঘটনায় সরকার এখন পর্যন্ত কোনো স্পষ্ট ও দায়িত্বশীল বার্তা দিতে পারেনি। একজন নাগরিক ও জনপ্রতিনিধি প্রার্থী হিসেবে নৈতিক দায়িত্ববোধ থেকেই তিনি আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন বলে জানান।

পাটওয়ারী বলেন, “হাদি হত্যার বিচার শুধু একটি ব্যক্তিগত বা দলীয় দাবি নয়, এটি এখন জনআস্থার প্রশ্ন। সরকারকে জাতির সামনে স্পষ্ট করে জানাতে হবে—এই হত্যাকাণ্ডের বিচার আদৌ হবে কি না, আর হলে কবে।” তিনি আরও বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ঢাকা-৮ এলাকাসহ সারাদেশে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কোনো একক সরকারের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি দেশের বিচার ব্যবস্থার কাঠামোগত দুর্বলতার বহিঃপ্রকাশ। “আমাদের বিচার ব্যবস্থা এখনো অনেকাংশে অকার্যকর ও ধীরগতির—এটাই বড় সমস্যা,” মন্তব্য করেন তিনি।

তিনি বিচার বিভাগকে দ্রুত ও নিরপেক্ষভাবে এই মামলার রায় দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গোয়েন্দা সংস্থার কাছে যদি হত্যাকাণ্ড-সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য থাকে, তবে তা গোপন না রেখে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। তারা মনে করেন, এই বিচার শুধু একজন শহিদের জন্য নয়, বরং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।