শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও দুই মাস বাড়ানো হয়েছে। আগামী ৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।
শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম তদন্ত প্রতিবেদন প্রস্তুতে অতিরিক্ত সময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করে নির্ধারিত সময় বাড়ান।
এদিন মামলার পাঁচ গ্রেপ্তার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন। তিনি হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে এই অভিযোগ উত্থাপন করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তদের মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের নেতারা রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পৃথক মামলায় ইতোমধ্যে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।