সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রদবদল করা হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গত ৩ ফেব্রুয়ারি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল আমীন কিরণকে প্রেষণে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পঞ্চগড়ের শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ শরিফুর রহমানকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে প্রেষণে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, বর্তমানে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে। পাশাপাশি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আশিকুল খবিরকে প্রেষণে আপিল বিভাগের রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানকে বদলি করে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ বিচারক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এই রদবদলের মাধ্যমে সুপ্রিম কোর্টের প্রশাসনিক কাঠামো আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।