২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুরে তিন আন্দোলনকারীকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ নয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আসামিদের হাজির হতে আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিকালে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে অভিযোগের সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং ফরমাল চার্জ আমলে নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ২০ জুলাই গৌরীপুরে চলমান গণআন্দোলনের সময় তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহার নির্দেশ ও প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় পুলিশ সদস্যরা গুলি চালান। এতে ঘটনাস্থলেই তিন আন্দোলনকারী নিহত হন। অভিযোগে বলা হয়, এক এসআই খুব কাছ থেকে এক জুলাই যোদ্ধার মাথা ও বুকে গুলি করে মৃত্যু নিশ্চিত করেন, যা মানবতাবিরোধী অপরাধের শামিল।

এ মামলায় বর্তমানে তিনজন আসামি গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। বাকি ছয়জনকে গ্রেপ্তারের মাধ্যমে নির্ধারিত তারিখে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন গৌরীপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়, এএসআই দেলোয়ার হোসেন এবং আওয়ামী লীগ নেতা সানাউল।

প্রসিকিউশন সূত্র জানায়, মামলাটি দেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের দায় নিরূপণে একটি শক্ত বার্তা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।