কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও পাশের একটি আবাসনে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে সংঘটিত এ হামলায় ঘটনাস্থল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জন মারা যান। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে এবং ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় প্রায় ৩০ জন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্কুলের নিকটবর্তী একটি বাড়ি থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের সঙ্গে হামলার যোগসূত্র থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হামলার উদ্দেশ্য ও হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ঘটনার পর জরুরি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ১৭৫ শিক্ষার্থীর এ স্কুলটি শোক ও মানসিক পুনরুদ্ধারের জন্য এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০