রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস–৪০০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম Hindustan Times–এর বরাতে এ তথ্য জানিয়েছে রুশ টেলিভিশন চ্যানেল RT।

সম্প্রতি Ministry of Defence India এক বিবৃতিতে জানায়, বিভিন্ন সমরাস্ত্র ও যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, Dassault Rafale যুদ্ধবিমান এবং এয়ার-শিপ-বেজড হাই অল্টিচ্যুড স্যুডো স্যাটেলাইট। এসব সামরিক সরঞ্জামের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে প্রায় ৩ হাজার ৯০০ কোটি ডলার।

যদিও বিবৃতিতে সরাসরি এস–৪০০–এর নাম উল্লেখ করা হয়নি, তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ‘কমব্যাট ক্ষেপণাস্ত্র’ বলতে মূলত S-400 এবং Pantsir–কে বোঝানো হয়েছে।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ভারতীয় বিমান বাহিনী মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্রের আবেদন করেছে। এর মধ্যে ১২০টি স্বল্প-পাল্লার পান্তশির এবং ১৬৮টি দূরপাল্লার এস–৪০০ ক্ষেপণাস্ত্র রয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার তৈরি এস–৪০০ আধুনিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম। বর্তমানে ভারতের কাছে এ ব্যবস্থার চারটি ইউনিট রয়েছে এবং শিগগিরই আরও দুটি যুক্ত হওয়ার কথা রয়েছে।