দক্ষিণ কোরিয়ার সংগীত জগতে নেমে এসেছে গভীর শোক। জনপ্রিয় ব্যান্ড অ্যাকুস্টিক কোলাবো–এর প্রধান কণ্ঠশিল্পী মো সু-জিন আর নেই। মাত্র ২৭ বছর বয়সে গত ২৪ জানুয়ারি তার মৃত্যু হয়। বুধবার সকালে পারিবারিকভাবে শেষকৃত্য সম্পন্ন করা হলেও তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি।

শিল্পীর এজেন্সির পক্ষ থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, মো সু-জিনের পরিবার তাদের ব্যক্তিগত শোককে সম্মান জানিয়ে সব আনুষ্ঠানিকতা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করেছে। পরিবারের অনুরোধেই মৃত্যুর কারণ জনসমক্ষে আনা হয়নি। বিবৃতিতে প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

মো সু-জিন ২০২০ সালে অ্যাকুস্টিক কোলাবো ব্যান্ডে যুক্ত হন। তার কণ্ঠে নতুন মাত্রা পায় ব্যান্ডটির সংগীতধারা। ব্যান্ডের তৃতীয় পূর্ণদৈর্ঘ্য অ্যালবামে তার কণ্ঠ বিশেষভাবে শ্রোতাদের দৃষ্টি কাড়ে। আবেগী ও মোলায়েম গায়কীর জন্য অল্প সময়েই তিনি কোরীয় সংগীতপ্রেমীদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।

ব্যান্ডের পাশাপাশি একক শিল্পী হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছিলেন মো সু-জিন। ২০২৫ সালের জুনে প্রকাশিত তার একক গান ‘ইয়োর ইউনিভার্স’ শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়। গানটির কথায় ও সুরে তার ব্যক্তিগত অনুভূতি ও শিল্পীসত্তার পরিপক্বতা ফুটে ওঠে বলে মন্তব্য করেছিলেন সমালোচকরা।

সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণায় ভাসছেন। ব্যান্ডের সদস্য কিম সেউং-জে এক আবেগঘন পোস্টে লিখেছেন, “২০১৯ সাল থেকে সে ছিল আমার সবচেয়ে কাছের মানুষ। সে আমাকে সুখের অর্থ বুঝিয়েছে এবং কঠিন সময়েও বেঁচে থাকার সাহস জুগিয়েছে।”

অল্প বয়সেই প্রতিভাবান এই শিল্পীর চলে যাওয়া কোরীয় সংগীতাঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। ভক্তদের হৃদয়ে রয়ে যাবে তার কণ্ঠ, গান আর স্মৃতি।