নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী আংশিক) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ভোটের মাঠে উত্তাপ বাড়ছে। অভিজ্ঞ নেতারা ও নতুন মুখ, দলীয় শক্তি ও ব্যক্তিগত জনপ্রিয়তার মিলনে আসনটিতে ভোটের সমীকরণ জটিল ও বৈচিত্র্যময় হয়ে উঠেছে। নোয়াখালী-১ থেকে নোয়াখালী-৬ পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, ১১ দলীয় ঐক্য ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে কৌশলগত প্রচারণা চালাচ্ছেন।

নোয়াখালী-১ আসনটি চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সোনাইমুড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ৪২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ৭১১ জন এবং নারী ভোটার ২ লাখ ১৮ হাজার ৭১৪ জন। মোট ১৪১টি ভোটকেন্দ্র ও ৮৮৯টি ভোটকক্ষ রয়েছে, যার মধ্যে ৩১টি অস্থায়ী। বড় ভোটারভিত্তির কারণে প্রতিটি দল মাঠে কার্যক্রম জোরদার করেছে।

এই আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী সাতজন প্রার্থী হলেন— ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর মাওলানা মো. ছাইফ উল্লাহ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. নুরুল আমিন, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. মনিনুল ইসলাম, আপেল প্রতীকে ইনসানিয়াত বাংলাদেশের মো. মশিউর রহমান এবং তারা প্রতীকে জেএসডি মনোনীত রেহানা বেগম।

অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার খোকন। নবম জাতীয় সংসদে এই আসনের সাংসদ হিসেবে তার রাজনৈতিক পরিচিতি এবং দীর্ঘ অভিজ্ঞতা ভোটের মাঠে তাকে বাড়তি সুবিধা দিচ্ছে। অন্য সব প্রার্থী এবারই প্রথম জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন। বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির শক্তিশালী সাংগঠনিক কাঠামো, অভিজ্ঞ প্রার্থী এবং ভোটব্যাংক মিলিয়ে দলটি আপাতত এগিয়ে রয়েছে।

তবে বিকল্প নেতৃত্বের সন্ধানে কিছু ভোটার ধর্মভিত্তিক দলের প্রার্থীদের দিকে ঝুঁকছেন। জামায়াতে ইসলামীর মাওলানা মো. ছাইফ উল্লাহ শিক্ষক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন যুক্ত থাকায় ভোটারদের মধ্যে আস্থা অর্জন করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলাম প্রবাসফেরত, শিক্ষিত ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ায় তরুণ ও সচেতন ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন।

প্রার্থীরা ভোটারদের উদ্দেশে বলেছেন, জনগণের কল্যাণ ও ন্যায্যতার প্রতিফলন ঘটাতে, স্বচ্ছতা, মানবিক মূল্যবোধ ও সেবা মনোভাবের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা হবে। বিএনপি প্রার্থী খোকন জানিয়েছেন, তার অভিজ্ঞতা ও রাজনৈতিক অবস্থান কাজে লাগিয়ে নোয়াখালী-১ আসনের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।