আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে কুড়িগ্রাম সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার এই সফরকে ঘিরে জেলা ও আশপাশের এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।

আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে পৌঁছাবেন। এরপর তিনি কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন। এই জনসভার আয়োজন করছে জেলা জামায়াতে ইসলামী।

জামায়াত আমিরের সফরে তার সঙ্গে থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন এবং দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি জামায়াত ও এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক শীর্ষ নেতা জনসভায় অংশ নেবেন বলে জানানো হয়েছে।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার জানান, জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তার মতে, এই জনসভায় জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগম হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, জনসভায় চার থেকে সাড়ে চার লাখ মানুষের উপস্থিতি হতে পারে।

জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া বলেন, কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে দলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন। কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করতেই তাদের এই প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে জামায়াত আমিরের জনসভাকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। জনসমাগমের বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরিকল্পনার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।