বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনের পর গঠিত সরকারে মহেশখালী ও কুতুবদিয়ার মানুষ শুধু একজন সংসদ সদস্য নয়, একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাবে—ইনশাআল্লাহ। তিনি বলেন, ১২ তারিখের ভোটের পর ১৩ তারিখ বাংলাদেশ ইনসাফভিত্তিক নতুন পথচলায় প্রবেশ করবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। হেলিকপ্টারযোগে মহেশখালীতে পৌঁছে কক্সবাজার-২ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এ.এইচ.এম হামিদুর রহমান আযাদকে পরিচয় করিয়ে দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, “১২ তারিখ আপনারা কেবল এমপি বাছাই করবেন না, আপনারা মন্ত্রী নির্বাচন করবেন। সিদ্ধান্ত আপনাদের হাতে।” তিনি দাবি করেন, অবাধ ও স্বচ্ছ ভোটের মাধ্যমে জনগণের রায়ে ১৩ তারিখ একটি নতুন বাংলাদেশের সূচনা হবে, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটের সংস্কৃতি থাকবে না।

মহেশখালী অঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, আল্লাহ এই অঞ্চলে বিপুল প্রাকৃতিক সম্পদের নিয়ামত দিয়েছেন, অথচ উন্নয়নের দিক থেকে এটি দীর্ঘদিন অবহেলিত। তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে মহেশখালীকে একটি আধুনিক ‘স্মার্ট জোন’ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, “হামিদুর রহমান আযাদের পাশে থাকুন। আমরা আপনাদের আস্থা ও সমর্থনের যথাযথ প্রতিদান দেবো—ইনশাআল্লাহ।”

জনসভায় ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাগপা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এলডিপি, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধিরা উল্লেখযোগ্য।