বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও বিএনপি জোটের ভোলা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, রাজনীতিতে আপস নয়—সত্য ও সাহস দিয়েই তিনি পথ চলেছেন। একসময় এমন পরিস্থিতিও ছিল, যখন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছিলেন, যে সাহস তখন অনেকের মধ্যেই ছিল না। ভোলাবাসীর ভালোবাসা ও দোয়াকেই তিনি নিজের শক্তির উৎস হিসেবে উল্লেখ করেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ের সামনে নির্বাচনি গণসংযোগকালে এসব কথা বলেন পার্থ। নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
ব্যারিস্টার পার্থ তার বক্তব্যে বলেন, ২০০৮ সালে তার বাবার প্রতি ভোলাবাসীর আস্থা ও সমর্থনের কারণে তিনি প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। সে সময় তারা বিরোধী দলে থাকলেও রাজপথ, সংসদ ও গণমাধ্যম—সব জায়গায় তিনি সরব ছিলেন। ২০০৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত তার রাজনৈতিক পথচলা ভোলার মানুষ কাছ থেকে দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি, লুটপাট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে কথা বলেছেন। বিদ্যুৎ খাতের অনিয়ম থেকে শুরু করে প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনীতিবিদদের ভূমিকা নিয়েও তিনি প্রতিবাদ করেছেন, যা সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে পার্থ বলেন, এবার আল্লাহ তাকে ভোলা সদরের মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দেন, প্রতিশোধের রাজনীতি নয়—ঐক্য ও সহনশীলতার রাজনীতি করবেন। তার লক্ষ্য একটি মানবিক, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত ভোলা গড়া, যেখানে থাকবে না চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা শালিশের নামে অর্থ আদায়।
তিনি আরও বলেন, ভোলাকে হয়তো সিঙ্গাপুর বানানো সম্ভব নয়, তবে সুযোগ পেলে সৎভাবে মানুষের জন্য কাজ করে যাবেন তিনি।
এ সময় বিজেপির ভোলা জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোত্তাছিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. নুরনবীসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে ভোলা সদর উপজেলার খেয়াঘাটে পৌঁছান ব্যারিস্টার পার্থ। সেখানে তাকে স্বাগত জানাতে মানুষের ঢল নামে। খেয়াঘাট সড়ক থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ চালান, যা নির্বাচনি মাঠে নতুন উত্তাপ সৃষ্টি করেছে।