শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারায় অন্তর্বর্তীকালীন সরকার মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার—উভয় ক্ষেত্রেই চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, একটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধের বিচার করা। এই দুই দায়িত্ব পালনে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকায় এক নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ঢাকায় ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।

সারজিস আলম বলেন, শহীদ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সামনে জাতীয় নির্বাচন থাকলেও এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বরং বিচার চাওয়াদের ওপর হামলা চালানো হয়েছে, যা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক।

তিনি অভিযোগ করেন, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল এলাকা ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং গুলি ব্যবহার করেছে। এতে বহু আন্দোলনকারী আহত হয়েছেন, অনেককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এই ঘটনা সরকারের ব্যর্থতা আরও স্পষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, যে সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে না, বিচার নিশ্চিত করতে পারে না, আবার বিচার দাবিতে আন্দোলন করলেও বাধা সৃষ্টি করে—সে সরকার জনগণের আস্থা হারাতে বাধ্য। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু শহীদ হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, তাই তাদের উচিত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এই মামলার তদন্ত ও বিচার কার্যক্রম জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর করা। এতে প্রকৃত সত্য উদঘাটন হবে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।