মাগুরার শালিখা উপজেলায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় বিএনপি ও যুবদলের সঙ্গে সম্পৃক্ত দুই ভাইকে আটক করেছে যৌথবাহিনী। ভোররাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোররাতের দিকে শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আড়পাড়া গ্রামের মুন্সী শহিদুর রহমানের দুই ছেলে। তারা হলেন—শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন এবং তার বড় ভাই জেলা বিএনপির বর্তমান সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান, যিনি ‘চকলেট’ নামে পরিচিত।

পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় তাদের বাড়ি তল্লাশি করে পিস্তলসহ গোলাবারুদ এবং চাপাতি, চাকু ও গাছিদার মতো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অস্ত্র ও আলামত জব্দ করে আটক দুই ভাইকে শালিখা থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথবাহিনীর অভিযানে আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, যুবদল নেতা মুন্সি নয়নুজ্জামান নয়ন এর আগেও আলোচনায় ছিলেন। ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়। তবে চলতি বছরের ২৪ জানুয়ারি কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করা হয়।