মাগুরায় স্ত্রীকে দেখতে এসে হামলার শিকার হয়েছেন রাজনীতি নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুহুল মল্লিক (৪০)। এ সময় তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পারনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রুহুল মল্লিক গোপনে ভাড়া বাসায় স্ত্রীকে দেখতে গেলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে আওয়ামী লীগবিরোধী একটি চিহ্নিত গোষ্ঠী বাড়িটি ঘিরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষুব্ধ লোকজন পুলিশের উপস্থিতির মধ্যেই তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে এবং সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার স্ত্রী শাহানাজ পারভীন জানান, হামলাকারীরা ঘরে ঢুকে তাকে ও তার স্বামীকে মারধর করে। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আহত অবস্থায় রুহুল মল্লিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।