আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের ৮৭৫টি ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সাতটি আইনশৃঙ্খলা বাহিনীর মোট ১৬ হাজার ৩৭৯ জন সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক নির্বাচনী পরিবেশ সন্তোষজনক রাখতে এই ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নোয়াখালীর সবগুলো আসনেই এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ছয়টি আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ আসনে পুলিশ ও আনসারের পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনী দায়িত্ব পালন করবে। অপর পাঁচটি আসনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সমন্বিতভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
নিরাপত্তা বাহিনীর সদস্যসংখ্যার মধ্যে রয়েছে— সেনাবাহিনীর ৭০০ জন, বিজিবির ২৫০ জন, পুলিশের ২ হাজার ৬৫০ জন, র্যাবের ১০০ জন, নৌবাহিনীর ২৪০ জন, কোস্টগার্ডের ১ হাজার ৬৪ জন এবং আনসারের সর্বোচ্চ ১১ হাজার ৩৭৫ জন সদস্য।
নির্বাচন পরিচালনায় প্রশাসনিক ব্যবস্থাপনাও সম্পন্ন হয়েছে। একজন জেলা রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে ১৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ১৪ জন প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮৭৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫ হাজার ৬০৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ১১ হাজার ২১৮ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ছয়টি আসনের ৯টি উপজেলায় নির্বাচনী ব্যালটসহ সব প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার বিকেলের মধ্যেই এসব মালামাল সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পাঠানো হবে। ব্যালট পেপার ও ভোটের বাক্সের নিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী ব্যবস্থা নেওয়া হয়েছে।
নোয়াখালী জেলায় মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ৬৭ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৬ হাজার ৩৮০ জন, নারী ভোটার ১৩ লাখ ৭১ হাজার ২৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৪ জন। জেলায় মোট ৮৭৫টি ভোটকেন্দ্র ও ৫ হাজার ৬০৯টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।