আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, ভোটগ্রহণের দিন স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া), সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা), সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের মোট ৬০৯টি ভোটকেন্দ্র এই নির্দেশনার আওতায় থাকবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার রোববার (৮ ফেব্রুয়ারি) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকাকে সম্পূর্ণ ধূমপানমুক্ত রাখতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্দেশনা অমান্য করলে ধূমপান নিয়ন্ত্রণ আইনের আওতায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোটারদের স্বাচ্ছন্দ্য, স্বাস্থ্য সুরক্ষা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নারী, বয়স্ক ও অসুস্থ ভোটারদের কথা বিবেচনায় রেখে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মনে করছে প্রশাসন।

এদিকে নির্বাচনকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে সাতক্ষীরার সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, এতে ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ সহজ হবে এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। জেলার চারটি আসনের ৬০৯টি ভোটকেন্দ্রের মোট ৩ হাজার ৪১০টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এসব কেন্দ্রে মোট ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন পুরুষ, ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন নারী এবং ১৩ জন হিজড়া ভোটার রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ধূমপানমুক্ত কেন্দ্র ও উন্নত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।