গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, জাতীয় সরকার গঠিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই এলাকার সন্তানকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তাই উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে ভোটের মাধ্যমে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গলাচিপা হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই নুর বলেন, তিনি যদি এই আসন থেকে নির্বাচনে না আসতেন, তাহলে অনেক মানুষ হয়তো দেশছাড়া, গ্রামছাড়া কিংবা ঘরছাড়া হয়ে পড়তেন। তার ভাষায়, “ভিপি নুর এখান থেকে নির্বাচন করছে বলেই আপনারা কিছুটা হলেও নিরাপদ ছিলেন।”
আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, এই এলাকায় যদি তাদের জনপ্রতিনিধিরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেয়, তাহলে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত সবাই সেই পক্ষেই চলে যাবে। তখন আওয়ামী লীগের জন্য এই এলাকায় রাজনৈতিকভাবে টিকে থাকাই কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে নুরুল হক নুর বলেন, তরুণ সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে তিনি এই এলাকারই একজন সন্তান। তবে নানা প্রতিকূলতা ও সময়ের সীমাবদ্ধতার কারণে সব জায়গায় গিয়ে সরাসরি ভোট চাইতে পারেননি। বাজার কিংবা গ্রামে গিয়ে অনেকের সঙ্গে দেখা করতে না পারার জন্য তিনি ভোটারদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠিত হলে দশমিনা ও গলাচিপাকে আর অবহেলিত রাখা হবে না। দীর্ঘদিন ধরে যে উন্নয়নবঞ্চনা এই অঞ্চল ভোগ করছে, তা দূর করতে হলে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
নুর আরও বলেন, এই অঞ্চলের মানুষের হাতে বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যৎ শুধু দুর্ভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এলাকার উন্নয়ন, শিক্ষা ও তরুণদের চাকরির সুযোগ নিশ্চিত করতে হলে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
জনসভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন নির্বাচনী মাঠে রয়েছেন।