আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরে প্রথমবারের মতো জনসভায় বক্তব্য দিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এই নির্বাচনী জনসভা থেকে তিনি ফরিদপুরবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।
দলীয় সূত্র জানায়, এটি ফরিদপুরে তারেক রহমানের প্রথম সরাসরি জনসভা। এর আগে ২০০৫ সালে গোপালগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে তিনি ফরিদপুর সার্কিট হাউসে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করেছিলেন। তবে জনসমাবেশে বক্তব্য দেওয়ার ঘটনা এই প্রথম।
এই জনসভাকে ঘিরে ফরিদপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রাজেন্দ্র কলেজ মাঠের দক্ষিণ অংশে প্রায় ৭০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ ও ৭ ফুট উচ্চতার একটি মঞ্চ নির্মাণ করা হচ্ছে। জেলা বিএনপির নেতারা সার্বক্ষণিকভাবে প্রস্তুতির কাজ তদারকি করছেন।
মাঠ ব্যবহারের অনুমতির জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনী জনসভা আয়োজনের অনুমতি চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ফরিদপুরের জেলা প্রশাসক এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশ সুপারের কাছে পৃথক আবেদন করা হয়েছে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, ফরিদপুরের পাশাপাশি শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ—এই পাঁচ জেলার বিএনপি নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ১৫টি সংসদীয় আসনের প্রার্থীদের জনসভায় আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া জানান, জনসভায় অন্তত পাঁচ লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী তারেক রহমান বরিশাল থেকে হেলিকপ্টারে ফরিদপুরে এসে দুপুর ১২টার দিকে জনসভায় বক্তব্য রাখবেন। কর্মসূচি শেষে তিনি মুন্সীগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন।
এই জনসভাকে ঘিরে ফরিদপুরজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উত্তেজনা বিরাজ করছে।