নীলফামারীর ডিমলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ডালিয়া এলাকার তালতলা সড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত আশরাফুল ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা গ্রামের সোনা উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বাজার শেষে আশরাফুল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে অটোরিকশায় বাড়ির দিকে ফিরছিলেন। তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক সরাসরি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি উল্টে যায় এবং তিনজনই ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান আশরাফুল ইসলাম।

দুর্ঘটনায় আহত তার স্ত্রী এবং শিশু সন্তানকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের পরিবারে শোক নেমে এসেছে আর এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় এক যুবক মৃত্যুবরণ করেছেন, তার স্ত্রী ও শিশু সন্তান গুরুতর আহত। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা মনে করছেন, দ্রুতগতির যানবাহন ও চালকদের অসচেতনতার কারণেই দুর্ঘটনা বাড়ছে। তারা সড়কে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো এবং কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।