আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরাঞ্চলে প্রচারণা জোরদার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) নীলফামারী ও লালমনিরহাট জেলার সংযোগস্থল তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় এক বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

নীলফামারী জেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, বুধবার দুপুরে তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভা উত্তরাঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুর সাত্তার।

তিনি জানান, ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে দুপুর ১২টায় তিস্তা ব্যারেজ এলাকায় পৌঁছাবেন এবং দুপুর সাড়ে ১২টায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এ জনসভায় নীলফামারী ও লালমনিরহাট জেলার অন্তত লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি আশা করা হচ্ছে।

মাওলানা আব্দুর সাত্তার আরও বলেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতি বছর তিস্তার ভাঙন ও বন্যায় হাজারো পরিবার ঘরবাড়ি হারায়। দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস থাকলেও তা এখনও আলোর মুখ দেখেনি। তিনি আশা প্রকাশ করেন, এই জনসভা থেকেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘোষণা আসতে পারে।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম জানান, জনসভায় লালমনিরহাট জেলার তিনটি এবং নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন জামায়াত আমির। প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাও তুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, এ জনসভায় শুধু নির্বাচন নয়, দেশের সামগ্রিক উন্নয়ন, কর্মসংস্থান, মানুষের জীবনমান এবং উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার বিষয়গুলো গুরুত্ব পাবে। ১১ দলীয় জোটের নেতাকর্মীদের অংশগ্রহণে জনসভাটি আগামীর বাংলাদেশ গঠনের দিকনির্দেশনামূলক সমাবেশে রূপ নেবে বলে আশা করা হচ্ছে।