খুলনা নগরীতে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে বাবুল মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে মারধর করা হয়েছে। তবে পুলিশ বলছে, পারিবারিক কলহ থেকে সৃষ্ট সংঘর্ষের সময় তিনি আহত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর রেলওয়ে হাসপাতাল সড়কের মাটিপট্টি বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা ওই এলাকার মৃত লালচান মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই বস্তিতে ভাড়াবাড়িতে বসবাস করছিলেন।

নিহতের মেয়ে রিমি অভিযোগ করে বলেন, প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে তার বাবাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। তিনি দাবি করেন, বিকেলের দিকেই উত্তেজনার বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু সময়মতো পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় রাতের দিকে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। তার ভাষ্য অনুযায়ী, বাবাকে নির্মমভাবে পেটানো হয়েছে, যার ফলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবীর হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহের জের বলেই ধারণা করা হচ্ছে। তিনি বলেন, বিকেলের দিকে পানি ছেটানো নিয়ে বস্তির দুটি পরিবারের শিশুদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা বড়দের মধ্যে ঝগড়ায় রূপ নেয়। স্থানীয়ভাবে বিষয়টি তখন মীমাংসাও হয়।

তবে রাতের দিকে আবারও দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বাবুল মোল্লা সংঘর্ষের মধ্যে পড়ে যান এবং কিল-ঘুষিতে আঘাতপ্রাপ্ত হন। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ঘটনাটি কেন্দ্র করে মাটিপট্টি বস্তি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়িয়েছে।