নির্বাচনের সময় আনসারে ডিউটি দেওয়ার আশ্বাস দিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অন্তত ৬৫ জন মানুষের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন আখের আলী নামে এক ব্যক্তি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের বাসিন্দা শাহাদত মোল্লার ছেলে আখের আলী বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে আসেন। তিনি নিজেকে আনসার বাহিনীর সঙ্গে সম্পৃক্ত দাবি করে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আনসারে ডিউটি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান। চাকরি ও ডিউটির আশায় গ্রামের ৬৫ জন নারী-পুরুষ তার কাছে এক হাজার টাকা করে দেন। এতে মোট আদায়কৃত টাকার পরিমাণ দাঁড়ায় ৬৫ হাজার টাকা।

কিন্তু দিন গড়ালেও আনসারে নিয়োগ বা ডিউটি সংক্রান্ত কোনো কাগজপত্র না পাওয়ায় ভুক্তভোগীদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। পরে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর এলাকায় আখের আলীকে দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে আটক করে এবং পুলিশে খবর দেয়।

গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ওয়াজ শেখ অভিযোগ করে বলেন, “আমার স্ত্রীর কাছ থেকেও এক হাজার টাকা নেওয়া হয়েছে। ডিউটি দেওয়ার কথা বলা হলেও পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা সবাই প্রতারিত হয়েছি।”

এ বিষয়ে অভিযুক্ত আখের আলী দাবি করেন, তিনি মানুষের কাছ থেকে নেওয়া টাকা মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফার রহমানের কাছে দিয়েছেন। তবে তিনি স্বীকার করেন, কাউকেই আনসারে ডিউটি দিতে পারেননি।

অন্যদিকে মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফার রহমান অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “আখের আলীর কাছ থেকে আমি কোনো টাকা নেইনি। আনসারে ডিউটি দেওয়ার নামে এ ধরনের কোনো লেনদেনের সঙ্গে আমি জড়িত নই।”

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।