শেরপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে সৃষ্ট উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে। শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় একাধিক প্লাটুন বিজিবি সদস্য বর্তমানে দায়িত্ব পালন করছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। বার্তায় জানানো হয়, শ্রীবরদী উপজেলায় চার প্লাটুন এবং ঝিনাইগাতী উপজেলায় এক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

বিজিবি সূত্র জানায়, মোতায়েনকৃত সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করছে। বিজিবির পাশাপাশি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৮ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

ঘটনার পর পরিস্থিতির অবনতি হলে নির্বাচন কমিশন (ইসি) ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শ্রীবরদী থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করে নেয়।

বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মাঠপর্যায়ের রিপোর্ট ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতেই এই মোতায়েন কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।