ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে প্রশাসন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এলাকায় এক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে ভোটারদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদের নেতৃত্বে পরিচালিত এ মহড়ায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সরাসরি অংশ নেন। শ্রীপুর উপজেলার কাজলী, আমতৈল, সব্দালপুর, রাধানগর ও নাকোল বাজারসহ জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে মহড়া চালানো হয়। এ সময় কর্মকর্তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটগ্রহণ নিয়ে তাদের নানা প্রশ্নের উত্তর দেন।
মহড়ায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর শ্রীপুর ক্যাম্প কমান্ডার সালাউদ্দিন আহম্মেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, বিজিবি ও র্যাবের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। তাদের উপস্থিতি স্থানীয় ভোটারদের মধ্যে আস্থার অনুভূতি সৃষ্টি করে।
মহড়া চলাকালে ইউএনও মোহাম্মদ সালেক মূহিদ বলেন, ভোট দেওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কেউ যদি ভয়ভীতি, হুমকি কিংবা প্রলোভনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, ভোটাররা যেন নিজ নিজ পছন্দ অনুযায়ী স্বাধীনভাবে ভোট দিতে পারেন, সে জন্য সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাব সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। ভোটকেন্দ্রেই ভোট গণনা সম্পন্ন করে ফলাফলের কপি প্রার্থীদের এজেন্টদের দেওয়া হবে এবং কেন্দ্রেই ফলাফল টানানো হবে—এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।
মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তারাও ভোটারদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে যেকোনো অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই তৎপরতায় শ্রীপুরে নির্বাচনী পরিবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।