আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সংস্কার প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনগণের সিদ্ধান্তই হবে চূড়ান্ত, আর সেই সিদ্ধান্ত ‘হ্যাঁ’-তেই আসবে বলে তিনি আশাবাদী।

শুক্রবার রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসমুদ্রের উদ্দেশে তারেক রহমান বলেন, বিএনপি যে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে, সেটি শুধু একটি রাজনৈতিক দলিল নয়, বরং শহীদদের রক্তে লেখা জনগণের অঙ্গীকার। সেই অঙ্গীকার রক্ষার দায়িত্ব দেশের প্রতিটি ভোটারের।

তারেক রহমান বলেন, রংপুরের মাটি শহীদ আবু সাঈদের রক্তে রঞ্জিত। শুধু রংপুর নয়, সারা দেশে প্রায় ১৪শ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের দিন ভোর থেকেই কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন এবং সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ লিখে দেবেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে যে জনঐক্য গড়ে উঠেছিল, সেটি ধরে রাখতে হবে। নিশিরাতের ভোট কিংবা প্রহসনের নির্বাচন আর দেখতে চায় না জনগণ—এমন মন্তব্য করে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রংপুরকে অবহেলিত অঞ্চল নয়, সম্ভাবনাময় জনপদ হিসেবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে এবং আইটি খাতে কর ছাড়ের ব্যবস্থা থাকবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃষক ও নারীদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকদের ঋণ মওকুফ, বিনামূল্যে বীজ ও কীটনাশক সরবরাহ এবং নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও খাল খননের মাধ্যমে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বৈষম্য দূর করার অঙ্গীকার করেন তিনি।

জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং রংপুর বিভাগের সার্বিক উন্নয়নে দলের প্রতিশ্রুতি তুলে ধরেন।