নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মা ও তার শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় পরিবারের আরেক সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া (২৮) এবং তাদের এক বছর বয়সী কন্যা রওজা। আগুনে গুরুতর দগ্ধ হন রান্টুর মা মর্জিনা বেগম। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে রান্টুর বসতঘরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। ঘরের ভেতরে থাকা মানুষজন ঘুমন্ত অবস্থায় থাকায় আগুনের ভয়াবহতা আঁচ করতে পারেননি। চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় আতিয়া ও তার শিশু সন্তান বের হতে না পেরে ঘটনাস্থলেই প্রাণ হারান।

অগ্নিকাণ্ডে রান্টুর চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। পাশের একটি মুদিদোকানও আগুনে ভস্মীভূত হয়। এ ছাড়া আগুনে পুড়ে মারা গেছে অন্তত ১২টি ছাগল। স্থানীয়দের ধারণা, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা হতে পারে। আগুন নেভাতে স্থানীয়রা প্রথমে চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, ভোর ৪টা ৪৫ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের পৌঁছানোর আগেই মা ও শিশুর মৃত্যু ঘটে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।