নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং দায়িত্বহীন আচরণ করছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ঐক্যবদ্ধ ছাত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, “নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রশ্ন—আপনারা আসলে কী করছেন? এখন পর্যন্ত আপনাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে, হাতে চুড়ি পরে বসে আছেন। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যদি আপনাদের দ্বারা সম্ভব না হয়, তাহলে অতীতের নির্বাচন কমিশনের চেয়েও ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে।” তিনি নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেন, কমিশনের প্রধান দায়িত্ব হলো একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

বক্তব্যের একপর্যায়ে তিনি সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে বিএনপির কঠোর সমালোচনা করেন। সাদিক কায়েম দাবি করেন, “আমাদের সহকর্মী রেজাউল ভাই হত্যার সঙ্গে বিএনপির সন্ত্রাসীরা জড়িত। এই হত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এর রাজনৈতিক দায় বিএনপির শীর্ষ নেতৃত্বকেও নিতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা নারী নির্যাতন ও সহিংসতায় জড়িয়েছে। “আমাদের মা-বোনদের ওপর হামলা হলে তা বরদাশত করা হবে না। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে,”—বলেন তিনি।

ডাকসু ভিপি আরও বলেন, বিএনপি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে এসে এখন চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের রাজনীতিতে লিপ্ত হয়েছে। এই রাজনীতি জনগণ আর মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

গণভোট প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, দেশের ছাত্রসমাজ ও সাধারণ মানুষ ইতোমধ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে। তার ভাষায়, “১২ ফেব্রুয়ারি গণভোটে প্রথম সিলই পড়বে ‘হ্যাঁ’-এর পক্ষে।”

তিনি সিলেটসহ সারা দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি গ্রাম ও মহল্লায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ব্যাপক প্রচারণা চালাতে হবে, যাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটে।